
নীলফামারীর জলঢাকা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতাধীন সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অনিয়ম দেখার যেন কেউ নেই—এমন অভিযোগ করছেন এলাকাবাসী। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা থেকেও কার্যকর কোনো নজরদারি নেই বলে অভিযোগ স্থানীয়দের।
শনিবার (আজ) জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর এলাকায় বেলাল মেম্বারের বাড়ি থেকে হলদিবাড়ি পর্যন্ত সড়ক কার্পেটিং কাজের ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে এসব অনিয়মের চিত্র দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক কার্পেটিং কাজের পূর্বশর্ত অনুযায়ী প্রাইম কোট দেওয়ার কথা থাকলেও তা আজ থেকে প্রায় ১০ দিন আগে দেওয়া হয়েছে। ফলে বর্তমানে প্রাইম কোটের সঙ্গে মাটি মিশে একাকার হয়ে গেছে। এর ওপর আবার যথাযথভাবে পরিষ্কার না করেই চলছে কার্পেটিং কাজ।
ঘটনাস্থলে দেখা যায়, রাস্তার ওপর থাকা গাছের লতা-পাতা, ধুলোবালি ও বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা না সরিয়েই তার ওপর পিচ ঢালা হচ্ছে। এতে কাজের মান নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা চলছে।
এলাকাবাসী জানান, এভাবে নিম্নমানের কাজ হলে দুই বছরও টিকবে না এই রাস্তা; অল্প সময়ের মধ্যেই তা ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তারা আরও বলেন, এই সড়কটি দীর্ঘ প্রায় তিন বছর ধরে সংস্কারের অপেক্ষায় ছিল। কিন্তু বারবার এলজিইডিকে জানানো হলেও নানা অজুহাতে কাজ পিছিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে জলঢাকা উপজেলা এলজিইডির বিরুদ্ধে।
সচেতন মহলের মতে, একই জেলার ডিমলা কিংবা ডোমার উপজেলার এলজিইডির কাজের মানের সঙ্গে তুলনা করলে জলঢাকার কাজের মান নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠে আসে।
এ বিষয়ে জানতে জলঢাকা উপজেলা এলজিইডির প্রকৌশলী তারিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংবাদকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি বলেন, “ফালতু কথা বলেন মিয়া, আমার কাজ তো ভালো হচ্ছে।” অথচ এলাকাজুড়ে এলজিইডির কাজ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ক্রমেই বাড়ছে।
অন্যদিকে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এই ঘটনাকে কেন্দ্র করে জলঢাকা উপজেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থান: ভাবনচুর বাজার, জলঢাকা, নীলফামারী।
মন্তব্য করুন