
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিয়মিত ও ধারাবাহিক নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।
তিনি নবীনগরের চারবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের পুত্র। মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফুটবল প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই নবীনগর পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় সরাসরি মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে সক্রিয় রয়েছেন তিনি।
নবীনগর পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এবং জনবহুল স্থানে ফুটবল প্রতীক হাতে নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন কাজী নাজমুল হোসেন তাপস। এ সময় তার সঙ্গে উপজেলা ও পৌরসভার নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকছেন।
গণসংযোগকালে কাজী নাজমুল হোসেন তাপস বলেন,
“নবীনগরের মানুষই আমার মূল শক্তি। অতীতেও তারা আমার পাশে ছিলেন, এখনও আছেন। মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি রাজনীতি করি। উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আমি আজীবন কাজ করেছি এবং ভবিষ্যতেও করে যাবো।”
স্থানীয়রা জানান, কাজী নাজমুল হোসেন তাপস দীর্ঘদিন ধরে নবীনগরের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণের কারণে সাধারণ ভোটারদের মধ্যে তার প্রতি ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
জানা গেছে, দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনী মাঠে নেমেছেন। এই আসনে একাধিক দলীয় ও স্বতন্ত্র প্রার্থী থাকলেও তাপসের মাঠপর্যায়ের তৎপরতা ও জনসংযোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিশেষ আলোচনার সৃষ্টি করেছে।
নেতাকর্মী ও সমর্থকদের দাবি, উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় পরীক্ষিত এই নেতা নির্বাচিত হলে নবীনগরের সার্বিক উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে। সে লক্ষ্যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে ভোট দিয়ে কাজী নাজমুল হোসেন তাপসকে বিজয়ী করার আহ্বান জানান।
প্রচারণাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে গণসংযোগ কার্যক্রম অব্যাহত আছে
মন্তব্য করুন