
কাতারে চলমান ফিফা আরব কাপ ২০২৫ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সংযুক্ত সাংস্কৃতিক কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গীত মুর্ছনায় মাতিয়ে রেখেছেন কাতারপ্রবাসী বাংলাদেশি প্রকৌশলী ও কণ্ঠশিল্পী জাহিদুল ইসলাম রাসেল। আন্তর্জাতিক এই ক্রীড়া আসরের সঙ্গে যুক্ত সাংস্কৃতিক আয়োজনে তার পরিবেশনা প্রবাসী দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ব্যান্ড শ্রাবণ–এর আমন্ত্রিত কণ্ঠশিল্পী হিসেবে মঞ্চে ওঠেন জাহিদুল ইসলাম রাসেল। পেশাগত জীবনে প্রকৌশলী হলেও সংগীতচর্চায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাবলীল কণ্ঠে পরিবেশিত বাংলা গান দর্শকদের মধ্যে দেশপ্রেম ও নস্টালজিয়ার আবহ সৃষ্টি করে। তার প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানস্থলজুড়ে দর্শকদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

৮ সদস্যবিশিষ্ট ব্যান্ড শ্রাবণের এই পরিবেশনায় আমন্ত্রিত সদস্য হিসেবে আরও যুক্ত ছিলেন মাসুদ রানা (গিটারিস্ট)। জাহিদুল ইসলাম রাসেলের কণ্ঠ ও ব্যান্ডের সমন্বিত পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। গত ১১ ও ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত পরিবেশনাগুলোতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

জাহিদুল ইসলাম রাসেল সংবাদদাতাকে বলেন,”প্রবাসে থেকেও দেশের সুরে মুগ্ধ করতে পারাটা আমার জন্য অনেক গর্বের বিষয়। ব্যান্ড শ্রাবণের সঙ্গে মঞ্চে ওঠা এবং প্রবাসী দর্শকদের আনন্দের অংশ হওয়া এক অসাধারণ অনুভূতি। আশা করি ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচের দিনও দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে আমাদের সঙ্গীত।”
দর্শকদের ব্যাপক সাড়া ও আয়োজকদের সন্তুষ্টির প্রেক্ষিতে আবারও মঞ্চে ফিরছেন জাহিদুল ইসলাম রাসেল। আগামী ১৮ ডিসেম্বর ২০২৫, ফিফা আরব কাপের ফাইনাল ম্যাচের দিন, ব্যান্ড শ্রাবণের হয়ে আবারও গান পরিবেশন করবেন তিনি। আয়োজক সূত্রে জানা গেছে, ফাইনালের দিনের বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার অন্যতম আকর্ষণ হিসেবে থাকবেন জাহিদুল ইসলাম রাসেল।
প্রবাসে থেকেও বাংলা গান ও সংস্কৃতির এমন উজ্জ্বল উপস্থাপনাকে ইতিবাচক হিসেবে দেখছেন কাতারে বসবাসরত বাংলাদেশিরা। তারা বলছেন, জাহিদুল ইসলাম রাসেলের মতো প্রতিভাবান প্রবাসী শিল্পীদের অংশগ্রহণ আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশি সংস্কৃতির পরিচিতি আরও দৃঢ় করছে।
উল্লেখ্য, ফিফা আরব কাপ ২০২৫ উপলক্ষে কাতারে আয়োজিত সাংস্কৃতিক কর্মসূচিগুলো প্রবাসী বাংলাদেশিদের জন্য এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।
মন্তব্য করুন