
বাংলাদেশে বহুল প্রত্যাশিত আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ শিগগিরই কার্যক্রম শুরু করতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তার মতে, পেপ্যাল চালু হলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তা, অনলাইন ব্যবসায়ী ও ফ্রিল্যান্সাররা বৈশ্বিক বাজারে আরও সহজে লেনদেন করতে পারবেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই আয়োজিত ‘অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে কৃষিখাতে বিশেষ অবদান রাখা ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পাঁচ শতাধিক আবেদন যাচাই করে বিজয়ীদের নির্বাচিত করা হয়।
গভর্নর বলেন, “পেপ্যাল বাংলাদেশে ব্যবসা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে। ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যাংকের মাধ্যমে এলসি খুলে ছোট চালানে রপ্তানি করতে অসুবিধায় পড়েন। পেপ্যাল চালু হলে তারা সহজেই ইউরোপ, আমেরিকা ও অন্যান্য দেশে পণ্য পাঠাতে পারবেন এবং দ্রুত মূল্য দেশে আনতে পারবেন।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে ফ্রিল্যান্সাররা বিদেশ থেকে পারিশ্রমিক আনার ক্ষেত্রে নানা জটিলতায় পড়েন। অনেক সময় তারা ঠিকমতো টাকা পান না। পেপ্যাল চালু হলে এই ঝামেলা কমে যাবে এবং আউটসোর্সিং খাত আরও গতিশীল হবে।”
পেপ্যাল একটি বৈশ্বিক ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম, যা অনলাইনে অর্থ পাঠানো-গ্রহণ, বিল পরিশোধ এবং আন্তর্জাতিক কেনাকাটার সুবিধা দেয়। এটি ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ডের সঙ্গে নিরাপদভাবে সংযুক্ত হয়ে দ্রুত লেনদেন সম্পন্ন করে। ২০০টিরও বেশি দেশে ক্রেতা–বিক্রেতা সুরক্ষা ও রিফান্ড সুবিধার কারণে এটি জনপ্রিয়।
নগদ লেনদেন কমানোর ওপর গুরুত্ব দিয়ে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “দেশে দুর্নীতির মূল উৎস হলো নগদ লেনদেন। যেখানে দুর্নীতি আছে, সেখানে নগদের ব্যবহার রয়েছে। ডিজিটাল লেনদেন বাড়ালে এই প্রবণতা কমবে।”
—শেষ—
মন্তব্য করুন